বুধবার, দুপুর ১২:২৫, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:২৫, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম জাতীয়

রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুতে সরকারের অঙ্গীকার: শিল্পমন্ত্রী

শেয়ার: https://www.timebulletin24.com/news/46tmvr

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে আখচাষী, শ্রমিক ও প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি লাভজনক পরিচালনার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (৯ মে) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-এর আওতাধীন পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দেশের মানুষের সম্পদ। তাই এগুলোর কার্যকর ও সৎ ব্যবহারের মাধ্যমে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। বন্ধ শিল্পকারখানা সচল হলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বর্তমানে দেশের কয়েকটি চিনিকল বন্ধ রয়েছে এবং চালু থাকা অনেক মিলও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। অধিকাংশ মিলের বয়স ৫০ থেকে ৭০ বছর হওয়ায় আধুনিকায়ন, সংস্কার ও নতুন প্রযুক্তি সংযোজন ছাড়া কার্যকর পুনরুজ্জীবন সম্ভব নয়।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, কিছু মিল নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে চালু করতে হবে, কোথাও অবকাঠামোগত সংস্কার প্রয়োজন, আবার কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিকল্প পরিকল্পনাও বিবেচনা করা হচ্ছে। তবে সবক্ষেত্রেই আখচাষীদের স্বার্থ ও শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

তিনি বলেন, একটি শিল্পকারখানা সচল থাকলে শুধু সরাসরি শ্রমিক নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আরও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাই বন্ধ মিলগুলো পুনরায় চালু করা দেশের অর্থনীতি ও দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন