নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ নাজমুল শেখ (২৩) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে অপরাধ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৮ জুন) বিকাল ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন গোয়ালন্দ পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত নাজমুল শেখ গোয়ালন্দ ঘাট থানার মইছম মাতুববর পাড়া এলাকার সালাম শেখের ছেলে। আদালত সূত্র জানায়, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মুনতাসির হাসান খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর একটি দল পৌর এলাকায় মাদকবিরোধী এই অভিযান চালায়। অভিযানকালে নাজমুল শেখের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামিকে এই দণ্ডাদেশ প্রদান করেন। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ