বুধবার, সকাল ১১:২৮, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:২৮, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সারাদেশ

ঝালকাঠিতে পাথরবোঝাই ট্রাকের চাপে সেতু ধস, খালে পড়ল ট্রাক; বিচ্ছিন্ন যোগাযোগ

শেয়ার: https://www.timebulletin24.com/news/hk8eh7

ঝালকাঠির কাঁঠালিয়ায় অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাকের চাপে আঞ্চলিক সড়কের একটি পুরোনো সেতু ধসে খালে পড়ে গেছে। এ ঘটনায় কাঁঠালিয়া–কৈখালী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে এলাকাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার সকালে উপজেলার জোড়াপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি ভারী যানবাহনের চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। তারা জানান, সেতুটির দুর্বল অবস্থা নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে পাথরবোঝাই ট্রাকটি সেতুর ওপর উঠতেই বিকট শব্দে সেতুর একটি বড় অংশ ধসে খালে পড়ে যায়। ট্রাকটিও পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নব্বইয়ের দশকে নির্মিত সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন সেতুটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ছিল। আশপাশে নির্মাণাধীন তিনটি সেতুর কাজে ব্যবহারের জন্য পাথর বহন করছিল ট্রাকটি। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে এবং মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ঘটনায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে রোগী পরিবহন, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান জানান, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে বিকল্প যোগাযোগব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাময়িকভাবে একটি বেইলি সেতু নির্মাণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন