নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। পুলিশ জানায়, রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব মঞ্জুর মোরশেদ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব উত্তম কুমার ঘোষ-এর নেতৃত্বে সোমবার (০১ জুন, ২০২৬) সদর থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে দুজনকে। তারা হলেন— রাজবাড়ী সদর থানার কাকিলাদাইর গ্রামের মৃত মোশারফ মোল্যা ও মৃত হামিদা খাতুনের ছেলে ইমদাদুল (৩৫) এবং গঙ্গাপ্রসাদপুর গ্রামের মৃত গিয়াসউদ্দিন তালুকদার ও সাহেদা বেগমের ছেলে মোঃ উজ্জ্বল তালুকদার (৪২)। আইনের ৩৬(১) সারণির ২১ ধারার অপরাধে ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বিনোদপুর নতুন পাড়া গ্রামের মৃত সালাম শেখ ও মোছাঃ জাহানারা বেগমের ছেলে মোঃ রুবেল শেখ (২৯)-কে। আইনের ৩৬(৫) ধারার অপরাধে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে কলেজপাড়া এলাকার বদরুল আলম ও সাহেদা আক্তারের ছেলে মোঃ মামুন (৪১)-কে। রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ী