
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা)। ফলাফল ঘিরে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি—উভয় দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, যদিও বুথফেরত সমীক্ষাগুলো মিশ্র ইঙ্গিত দিয়েছে।
কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শেষে ধাপে ধাপে ইভিএম খোলা হবে। দুপুর ১২টার মধ্যেই সামগ্রিক ফলের প্রবণতা স্পষ্ট হতে পারে, তবে সম্পূর্ণ ফল জানতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বিশেষ নজর থাকবে ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর লড়াইয়ের দিকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে তারকা প্রার্থীদের ফলাফলও গুরুত্ব পাচ্ছে।
নির্বাচন কমিশন তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। গণনাকেন্দ্রে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং শুধুমাত্র অনুমোদিত প্রতিনিধিরাই প্রবেশাধিকার পাচ্ছেন।