বুধবার, দুপুর ১২:৪৫, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:৪৫, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

বগুড়ার শিবগঞ্জে ৪০ বছর পর উদ্ধার স্কুলের ৪১ শতক সরকারি জমি

শেয়ার: https://www.timebulletin24.com/news/73c9dz

বগুড়ার শিবগঞ্জে দীর্ঘ ৪০ বছর ধরে দখলে থাকা সরকারি স্কুলের জমি অবশেষে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে পরিচালিত উচ্ছেদ অভিযানে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমির ওপর গড়ে ওঠা অবৈধ মার্কেট ও বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মূল্যবান এ জমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দখল করে ভোগদখল করে আসছিল। অভিযোগ রয়েছে, দখলকৃত জমির একটি বড় অংশ স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার জমি উদ্ধারের চেষ্টা করেও সফল হয়নি।

গত ১১ মে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে আনা হলে তিনি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা মিললে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অবৈধ স্থাপনা অপসারণ করেন। অভিযানের সময় এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “বিদ্যালয়ের জমি দীর্ঘদিন ধরে বেদখলে ছিল। তদন্তে সত্যতা পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়েছে।”

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “এটি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। দীর্ঘদিন ধরে দখলদারদের কবলে থাকায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ প্রশংসনীয়।”

বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানও জমি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে অভিযুক্ত দখলদারদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সম্পদ উদ্ধারে প্রশাসনের এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে হারানো সম্পদ পুনরুদ্ধারের আশা আরও জোরালো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন