বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম অপরাধ

রাজশাহীতে চুরির অভিযোগে তরুণকে গাছে বেঁধে পিটুনি, ভিডিও ভাইরাল

শেয়ার: https://www.timebulletin24.com/news/8powhu

রাজশাহীর মতিহার থানা এলাকায় চুরির অভিযোগ তুলে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরের কাজলা বিলপাড়া এলাকার বাসিন্দা। ভাইরাল হওয়া ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁকে এলোপাতাড়ি লাঠিপেটা করা হচ্ছে। মারধরের আগে একজনকে বলতে শোনা যায়, “চালু করে দিয়েছি”, এরপরই শুরু হয় নির্যাতন। ভিডিওতে অন্তত ১৪ বার তাঁকে আঘাত করতে দেখা যায়। ব্যথায় চিৎকার করে একপর্যায়ে তুষার বলেন, “হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া”, তবে তাতেও থামেননি অভিযুক্তরা।

মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগে তাঁকে মারধর করা হয়েছে, তবে অভিযোগের বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়াও অপরাধ। ভুক্তভোগী চিকিৎসা শেষে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন