
নাজমুল হোসেন, রাজবাড়ী
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পর্ষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর, ২০২৬) দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে গোয়ালন্দ বালক সমিতি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পর্ষদের উদ্যোগে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্ষদের সভাপতি জনাব গোবিন্দ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব কোমল কুমার সাহার সার্বিক সমন্বয়ে সভাটি পরিচালিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ সাইফুল হুদা ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সফিকুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা মুক্তার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সুকুমার মন্ডল, বিশিষ্ট শিক্ষাবিদ নির্মল কুমার মাস্টার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সুশীল কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বালক সমিতি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক, দিয়ে বিজয় বাবুর পাড়া শ্রী শ্রী মঠ মন্দির ও গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদ্মার মোড় হয়ে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী সব বয়সের নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশেষ করে রঙিন পোশাকে রাধা-কৃষ্ণের সাজে সজ্জিত শিশুরা শোভাযাত্রার মূল আকর্ষণ হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে ভক্ত ও ধর্মপ্রাণ সর্বস্তরের মানুষের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

প্রতিবেদন ও ছবি: ০৪/সেপ্টেম্বর /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী