, ,

, ,

হোম খবর

ন্যায্যমূল্যে সার ও ধলতা বন্ধের দাবিতে গোয়ালন্দে কৃষকদের বিক্ষোভ

শেয়ার: https://www.timebulletin24.com/news/0p1h1c

নাজমুল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করা, কৃত্রিম সংকট দূর এবং সার বিতরণ কেন্দ্রিক অনিয়ম, ধলতা ও সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষক ও সাধারণ জনগণের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ক্ষুব্ধ কৃষক ও স্থানীয় প্রতিনিধিরা। বক্তারা অভিযোগ করেন, বিসিআইসি ডিলার ও সাব-ডিলাররা সরকারি নিয়ম না মেনে ইচ্ছামতো অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। সার বিক্রির কোনো ক্যাশ মেমো বা রসিদ দেওয়া হচ্ছে না। পাশাপাশি, সার বিতরণে ডিলারশিপ কেন্দ্রিক দলীয় প্রভাব ও ধলতার কারণে সাধারণ কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিক্ষোভকারীরা জানান, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে সার কালোবাজারি ও উপজেলা বাইরে পাচারের চেষ্টা করছে। অনতিবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে ডিলার পয়েন্ট থেকে সরাসরি প্রকৃত কৃষকদের হাতে ন্যায্যমূল্যে সার পৌঁছানোর জোর দাবি জানান তারা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার জানান, কৃষি খাতে কোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেট সহ্য করা হবে না। কৃষকদের সারের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইতোমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অসাধু ডিলারদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন ও ছবি: ১০/সেপ্টেম্বর /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন