নাজমুল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ ও সদর উপজেলা থেকে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইনদ্দীন প্রামাণিক পাড়ার একটি আখক্ষেত থেকে নবীরন বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দুলাল ব্যাপারী পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে প্রথমে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে দাবি করা হলেও পরবর্তীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার গুঞ্জন ওঠে। রহস্য উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অন্যদিকে, সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতিবেদন ও ছবি: ০৩/সেপ্টেম্বর /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী