, ,

, ,

হোম অপরাধ

রাজবাড়ীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার: র‌্যাব-১০

শেয়ার: https://www.timebulletin24.com/news/mexmr5

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি ম্যাগাজিন, কয়েকটি দেশীয় অস্ত্রসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি জানান, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (৫ আগস্ট) রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব আরও জানায়, বুধবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. মোমিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই দিন রাত ১০টা ১৫ মিনিটের দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ অভিযানে হাসান আলী বিশ্বাস (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র ও মাদকের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকলে জনগণকে র‍্যাবকে জানিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন