
ঢাকা, ১৫ মে ২০২৬: নিয়োগ পাওয়ার মাত্র ১০ দিনের মাথায় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, মো. রিয়াজুল ইসলামকে জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে শনিবারের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ আদেশে উল্লেখ করা হয়নি।
এর আগে ৯ মে ফেনী ও পঞ্চগড় জেলার দুই পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়। তাঁরা হলেন ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।
গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে বড় ধরনের রদবদল আনা হয়েছিল। তবে নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হওয়ায় এখন পর্যন্ত তিনজন এসপিকে প্রত্যাহার করা হলো।