রবিবার, রাত ১২:১৫, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, রাত ১২:১৫, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম জাতীয়

ঈদের ছুটিতে ঢাকায় তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৬, নর্দ্দায় বাস সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

শেয়ার: https://www.timebulletin24.com/news/7mr0f1

ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার ভাটারা, বাড্ডা ও ডেমরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ভাটারার নর্দ্দা নতুনবাজার এলাকায়। বুধবার সকাল ছয়টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ভেঙে বিপরীত লেনে উঠে যায় এবং অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় চার যাত্রী নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন।

ভাটারা থানার উপপরিদর্শক নেসার উদ্দিন জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস এবং উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন লাইজু বেগম (৩৮), তাঁর স্বামী কবির জমাদ্দার (৪৭), ফুফাতো বোন খুশি বেগম (৩৫) এবং রবিউল ইসলাম (২২)। লাইজু, কবির ও খুশি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদ উদ্‌যাপনের জন্য বাগেরহাটে গ্রামের বাড়িতে যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। অপরদিকে রবিউল ইসলামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

একই দিন সকালে উত্তর বাড্ডায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোখলেছুর রহমান (৩৫)। পুলিশ জানায়, একটি বেপরোয়া গতির বাস পেছন থেকে তাঁর অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

মোখলেছুর রহমান নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি পরিবারসহ রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় বসবাস করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঈদের দিন বৃহস্পতিবার রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হন রাজিবুল ইসলাম (২৮)। বন্ধু ইমনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হলে একটি প্রাইভেট কার তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন রাজিবুল। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁর বন্ধু সামান্য আহত হন।

রাজিবুল ইসলাম পেশায় একজন দরজি ছিলেন। তিনি রাজধানীর মুগদা এলাকায় বসবাস করতেন এবং তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বোবাংবাইল গ্রামে। ঈদের আনন্দের মধ্যেই এসব দুর্ঘটনায় ছয়টি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন