
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা, ১০ জুন — রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে জয় দেব পান্ডে (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত জয় দেব পান্ডে রয়েল ল্যাবরেটরিজের (হারবাল মেডিসিন) একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তাঁর বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জয় দেব পান্ডে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মিজানুর রহমান জানান, ব্যবসায়িক কাজ শেষে শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন জয় দেব। পরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে এসে তাঁর মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানান, জয় দেবের দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তাঁর পরিবার বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছে।