
ঢাকা, নিউজ ডেস্ক: বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় নতুন বিধিমালা চূড়ান্ত করা হয়েছে, যেখানে দলীয় প্রতীক ব্যবহারের বিধান থাকছে না।
নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন। এতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগসহ যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।
নির্বাচন বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আচরণবিধিতে কোনো রাজনৈতিক দলকে বাদ দেওয়ার বিধান রাখা হয়নি। তার মতে, যোগ্যতা পূরণ করলে সবাই প্রার্থী হতে পারবেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্দলীয় প্রতীকে নির্বাচন আয়োজনের জন্য আইন পাসের পর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালায় পরিবর্তন আনা হয়েছে। প্রস্তাবিত নিয়মে সম্ভাব্য প্রার্থীদের একটি অঙ্গীকারনামা দিতে বলা হয়েছিল, যেখানে তারা কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন—এমন ঘোষণা দেওয়ার কথা ছিল।
নতুন কাঠামো অনুযায়ী, ইউনিয়ন পরিষদের পর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা এবং সিটি করপোরেশন নির্বাচনেও একই বিধান অনুসরণ করা হবে বলে জানিয়েছে ইসি।
এদিকে, সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শর্ত পূরণ সাপেক্ষে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে নীতিগত অবস্থান রয়েছে।