সোমবার, রাত ১১:৫৪, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, রাত ১১:৫৪, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সারাদেশ

পাংশায় মাদক সেবনের দায়ে ৩ যুবককে মোবাইল কোর্টে কারাদণ্ড

শেয়ার: https://www.timebulletin24.com/news/8zcnuf

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিন যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন, ২০২৬) রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় পাংশা মডেল থানার এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ‘বাজার-৩’ নাইট ডিউটি করার সময় গোপন সংবাদ পান। তথ্যের ভিত্তিতে পাংশা পৌরসভাধীন বিষ্ণপুর সরদার বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অভিযান চালায় পুলিশ। সেখানে একত্রে বসে অবৈধ মাদক সেবন করা অবস্থায় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— বিষ্ণপুর গ্রামের জামাল বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (২১), একই গ্রামের নুরু কাজীর ছেলে অর্নব কাজী এবং মৈশালা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে সাহস বিশ্বাস।
আটকের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আদালতের রায়ে আসামী শামীম বিশ্বাস ও অর্নব কাজীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড এবং সাহস বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন