নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতা পল্লী ও পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল ২০ মে সন্ধ্যা থেকে শুরু হয়ে আজ ২১ মে দিনব্যাপী চলা এই অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে ১টি নিয়মিত মামলা দায়ের এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি পৃথক সাজা প্রদান করা হয়েছে। আজ সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সুমি আক্তার (১ মাস), মো. হাসেম আলী ফকির (২ মাস), মো. আরিফুজ্জামান (২ মাস) এবং মো. শাওন (৩ মাস)। এছাড়া তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।

পৃথক আরেকটি অভিযানে পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৪০ পুড়িয়া হেরোইনসহ মো. সাগর শেখ (২৭) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জানিয়েছেন, জেলা প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ