বুধবার, রাত ১২:২২, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, রাত ১২:২২, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম অপরাধ

মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, সাহায্যের বদলে ভিডিও ধারণ

শেয়ার: https://www.timebulletin24.com/news/g1no06

প্রতীকী

স্টাফ রিপোর্টার, মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার বামুন্দী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় দীর্ঘ সময় পড়ে থাকলেও তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ না নিয়ে অনেকেই মুঠোফোনে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরের দিকে পাঁচ সদস্যের একটি দল একটি পিকআপ ভ্যানে করে বামুন্দী বাজারের একটি টায়ারের দোকানে আসে। দোকানের তালা খুলে টায়ার গাড়িতে তোলার সময় বিষয়টি বাজারের নৈশ প্রহরী ও ব্যবসায়ীদের নজরে পড়ে। পরে তাঁরা সন্দেহভাজনদের ধাওয়া করলে দলের অন্য সদস্যরা পিকআপ নিয়ে পালিয়ে যান। তবে একজনকে আটক করেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিকে পরে উত্তেজিত জনতা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় দীর্ঘ সময় ঘটনাস্থলে পড়ে থাকলেও তাঁকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। বরং অনেক উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করে ভিডিও ধারণ করছিলেন।

বামুন্দী বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, আহত ব্যক্তি বারবার পানি চাইছিলেন। কিন্তু উপস্থিত কেউ তাঁকে সহায়তা করেননি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় চা-দোকানি সামিম হোসেন বলেন, সকাল ৯টা পর্যন্ত ওই ব্যক্তি জীবিত ছিলেন। সময়মতো হাসপাতালে নেওয়া হলে তাঁর প্রাণ রক্ষা করা সম্ভব হতে পারত বলে তিনি মনে করেন।

খবর পেয়ে গাংনী থানা-পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন