
ঢাকা, ২৪ মে: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর এ নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মো. খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চুক্তিভিত্তিক তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তবে একই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে তিনিও পদত্যাগ করেন।
এর আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। গত বছরের ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে, ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মধ্যেই ইসলামী ব্যাংকের শীর্ষ নেতৃত্বে এ পরিবর্তন এলো।