[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

শেয়ার: https://www.timebulletin24.com/news/hyqfb3

ঢাকা, ১৪ জুন: তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার সকালে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ইসলামী ব্যাংকের চলতি হিসাবে এই অর্থ জমা করা হয়েছে। এর ফলে ব্যাংকটির চেক নিষ্পত্তি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

ইসলামী ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের মধ্যে আমানত তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় নগদ অর্থের চাপ তৈরি হয়েছে। আমানত প্রবাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পাঁচজন পরিচালক বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঈদুল আজহার আগে ২৪ মে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে স্বতন্ত্র পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন চেয়ারম্যান নিয়োগের পর থেকেই ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক চেয়ারম্যান অপসারণসহ সাত দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এ ইস্যুতে জাতীয় সংসদেও সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে আলোচনা হয়েছে। এর প্রভাব হিসেবে গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের প্রবণতা বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ পরিস্থিতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছিল। এরই অংশ হিসেবে আপাতত ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ দেওয়া হয়েছে।

এদিকে রোববার সকালে রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০১৭ সালে শেয়ারবাজার থেকে বিভিন্ন নামে শেয়ার কিনে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটি এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ব্যাংকটির পরিচালনায় যুক্ত রয়েছেন। বর্তমানে ইসলামী ব্যাংকের ঋণের বড় একটি অংশ খেলাপিতে পরিণত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন