[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল; দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

শেয়ার: https://www.timebulletin24.com/news/kzccd4

ঢাকা, ১৪ জুন ২০২৬: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব অস্থায়ীভাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে।

রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে, ব্যাংকটির স্বার্থ, আমানতকারীদের সুরক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে।

একই সঙ্গে আইনটির ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

ইসলামী ব্যাংকের বিদ্যমান পরিচালনা পর্ষদে চেয়ারম্যানসহ পাঁচজনই বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক ছিলেন। গত ২৪ মে তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাঁর নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়।

এর পরপরই ব্যাংকটির কিছু গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে নবনিযুক্ত চেয়ারম্যানের অপসারণসহ সাত দফা দাবিতে আন্দোলন শুরু করেন। বিষয়টি জাতীয় সংসদেও আলোচনার জন্ম দেয় এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এদিকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালিত হতে থাকে। পরিস্থিতির প্রভাবে সাধারণ গ্রাহকদের মধ্যে আমানত উত্তোলনের প্রবণতা বৃদ্ধি পায়, যা ব্যাংকটির তারল্য পরিস্থিতির ওপর চাপ সৃষ্টি করে।

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চায়। এর পরিপ্রেক্ষিতে রোববার বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে ২ হাজার ৫০০ কোটি টাকা সরবরাহ করে।

এর আগে একই দিন বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে), দুই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্যাংকের চলমান কার্যক্রম, তারল্য পরিস্থিতি এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনসংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, গত দুই দিনে ব্যাংকে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা জমা ও উত্তোলন হয়েছে এবং বর্তমানে নগদ জমা ও উত্তোলনের পরিমাণ প্রায় সমপর্যায়ে রয়েছে।

পরবর্তীতে রাতে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ বাতিল করে এবং কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে ব্যাংকটির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন