সুস্থ হয়ে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী-কে। জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যার অভিযোগে করা মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এই মামলায় তাকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ ১১ এপ্রিল চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় সোমবার তাকে আদালতে হাজির করা হয় এবং পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখিয়ে তদন্ত কর্মকর্তা আরও রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেওয়ার সময় দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ৬ এপ্রিল নিহতের স্ত্রী মোসা. লিজা আক্তার মামলা দায়ের করেন।
এর আগে গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানায় করা মানব পাচার মামলাসহ বিভিন্ন মামলায় তাকে ধারাবাহিকভাবে রিমান্ডে নেওয়া হয়। এই হত্যাকাণ্ডের মামলাসহ এখন পর্যন্ত মোট ছয় দফা রিমান্ডে নেওয়া হলো সাবেক এই সেনা কর্মকর্তাকে।