
ঢাকা: পবিত্র ঈদে গাদির এবং ‘মাওলার অভিষেক দিবস’ উপলক্ষে আগামী ৪ জুন বৃহস্পতিবার রাজধানী ঢাকায় দিনব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মাওলার অভিষেক দিবস উদযাপন পরিষদ’-এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ১০ম হিজরির ১৮ জিলহজ বিদায় হজ শেষে মক্কা থেকে মদিনায় ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে মহানবি হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর নির্দেশে হযরত আলি (আ.)-কে মুসলিম উম্মাহর ‘মাওলা’ বা অভিভাবক হিসেবে ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের একটি অংশ ‘ঈদে গাদির’ বা ‘মাওলার অভিষেক দিবস’ হিসেবে পালন করে থাকে।
আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় দয়াল বাবা মোতালেব শাহ্-এর মাজার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় গোলাপ শাহ্-এর মাজার থেকে বের হবে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা। পরে দুপুর ৩টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা। আলোচনা সভা শেষে সন্ধ্যায় পরিবেশিত হবে আধ্যাত্মিক ভাবধারার ‘ভাবসঙ্গীত’।
এ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে স্মারকগ্রন্থ সহজ মানুষ। ওমর ফারুক-এর সম্পাদনায় প্রকাশিতব্য এই গ্রন্থে স্থান পেয়েছে সুফি দর্শন, মানবতা, আধ্যাত্মিক চেতনা ও সহজ মানুষের জীবনবোধ ভিত্তিক নানা প্রবন্ধ, ভাবনা।। অনুষ্ঠানের আয়োজন করেছে অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন শান্তির অন্বেষায়।
সংগঠনের সভাপতি ও উদযাপন কমিটির প্রধান সৈয়দ রহমত উল্লাহ রাজন বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুফি, বাউল ও গুরুবাদী দর্শনের অনুসারীরা এ আয়োজনে অংশ নেবেন। তিনি আরও বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই এবং একটি সম্প্রীতি ও মানবিক মূল্যবোধভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”
তিনি জানান, অনুষ্ঠানটি হবে ভ্রাতৃত্ব, মানবতা, আধ্যাত্মিক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলা; যেখানে আলোচনা, ভাবসঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শান্তি ও মানবকল্যাণের বার্তা তুলে ধরা হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ধর্মপ্রাণ ও আগ্রহী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।