[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন, সামাজিক খাতে সর্বোচ্চ বরাদ্দ

শেয়ার: https://www.timebulletin24.com/news/bjd153

ঢাকা: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন অর্থবছরের মোট ব্যয়ের মধ্যে সর্বোচ্চ ২৯ দশমিক ৭৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে সামাজিক অবকাঠামো খাতে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে এই অর্থ ব্যয় করা হবে।

এছাড়া জনশৃঙ্খলা, নিরাপত্তা ও সাধারণ সেবা খাতে মোট ব্যয়ের ২৬ দশমিক ১৩ শতাংশ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। কৃষি, স্থানীয় সরকার, সড়ক, বিদ্যুৎ ও জ্বালানিসহ ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮ দশমিক ৬৬ শতাংশ। ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে ১৩ দশমিক ৫৯ শতাংশ এবং ভর্তুকি, নিট ঋণদান ও অন্যান্য খাতে ব্যয় হবে ১১ দশমিক ৮৮ শতাংশ।

সরকার পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধির পরিকল্পনাও গ্রহণ করেছে। অর্থমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট ব্যয়ের ৭২ দশমিক ৭ শতাংশ ছিল পরিচালন ব্যয় এবং ২৭ দশমিক ৩ শতাংশ ছিল উন্নয়ন ব্যয়। নতুন বাজেটে পরিচালন ব্যয়ের অংশ কমিয়ে ৬৬ দশমিক ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে, আর উন্নয়ন ব্যয়ের অংশ বাড়িয়ে ৩৩ দশমিক ৭ শতাংশ করা হয়েছে।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮৬ দশমিক ৯০ শতাংশ আয় আসবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত কর রাজস্বের মাধ্যমে। এনবিআর-বহির্ভূত কর রাজস্ব থেকে ৩ দশমিক ৬০ শতাংশ এবং কর-বহির্ভূত রাজস্ব থেকে ৯ দশমিক ৫০ শতাংশ আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাজস্ব আদায় বৃদ্ধি ও কর ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার একাধিক উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে কর নীতি ও কর প্রশাসনের পৃথকীকরণ, আয়করের ই-রিটার্নের আদলে ই-ভ্যাট রিটার্ন চালু, উৎসে কর যাচাই প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণ, করদাতাবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং কাস্টমস ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন।

এছাড়া রপ্তানিমুখী ও সম্ভাবনাময় শিল্পখাতগুলোকে কাস্টমস বন্ড সুবিধার আওতায় এনে শুল্কমুক্তভাবে কাঁচামাল ও উপকরণ আমদানির সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন