ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত মুজিব আলী (২০) দত্তগ্রাম এলাকার বাসিন্দা এবং মৃত অজিব উল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দত্তগ্রাম সীমান্তের দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিএসএফ জানিয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মনু নদ দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুজিব আলীসহ কয়েকজন বাংলাদেশি মনু নদ পার হয়ে ১৮৫২ ও ১৮৫৩ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী অংশ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহলদল তাদের বাধা দেয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে মুজিব আলী ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, মুজিব আলী চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় প্রচলিত তথ্য রয়েছে। ঘটনার সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন।
গুলির শব্দ শোনার পর বিজিবি সংশ্লিষ্ট বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত তথ্য জানতে পারে বলে বিজিবি সূত্র জানিয়েছে।