
স্টাফ রিপোর্টার, বগুড়া:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে এবং এর সুফল তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে।
শুক্রবার (১২ জুন) বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও মোকামতলা ইউনিয়ন এলাকায় পৃথক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বাজেটটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়; বরং কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চাহিদা ও প্রত্যাশার বিষয়গুলো এতে প্রতিফলিত হয়েছে।
তিনি দাবি করেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের মাধ্যমে একটি দক্ষ ও আধুনিক মানবসম্পদ গড়ে তোলার ভিত্তি তৈরি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মীর শাহে আলম বলেন, ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা, মাতৃ ও শিশুসেবা, ওষুধের প্রাপ্যতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোর সেবার মান উন্নয়নের বিষয়েও বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গ্রাম ও শহরের বিভিন্ন শ্রেণির মানুষের প্রয়োজন বিবেচনায় রেখে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বক্তব্যে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে।
এর আগে শিবগঞ্জে একটি আনন্দ মিছিল পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মীর মুগ্ধ স্কয়ারে গিয়ে শেষ হয়। একইভাবে মোকামতলায় ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আরেকটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সমাপ্ত হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।