[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার হোসেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

শেয়ার: https://www.timebulletin24.com/news/fvqfs3

ছবি – সংগৃহীত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬–এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর এ নিয়োগের শর্ত অনুযায়ী তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোতাহার হোসেন তালুকদার বলেন, সরকারের আস্থার প্রতিদান দিতে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ময়মনসিংহকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।

তাঁর ভাষ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের উভয় তীরকে কেন্দ্র করে সমন্বিত নগর উন্নয়নের পরিকল্পনা রয়েছে। একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব শহর গড়ে তোলার মাধ্যমে ময়মনসিংহের স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

এর আগে গত ১২ জানুয়ারি সরকার ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করে প্রজ্ঞাপন জারি করে। ময়মনসিংহ মহানগর ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের বিকাশের উদ্দেশ্যে এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এ সংস্থার মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন