
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আজ দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত এই ঐতিহাসিক কর্মসূচির মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারায়।
জাতীয় এ কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জাতীয় এ কর্মসূচির সফল বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।