[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

ক্যাপসুল সংকটে ১৪ মাস ধরে বন্ধ শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

শেয়ার: https://www.timebulletin24.com/news/goajlm

ঢাকা: ভিটামিন-এ ক্যাপসুলের সংকটের কারণে বাংলাদেশে শিশুদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন গত ১৪ মাস ধরে বন্ধ রয়েছে। সর্বশেষ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের মার্চ মাসে।

সরকারি নিয়ম অনুযায়ী, বছরে দুইবার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন আয়োজনের কথা। সে হিসেবে গত বছরের সেপ্টেম্বর এবং চলতি বছরের মার্চে আরও দুটি ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় ক্যাপসুলের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

গত মাসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত জানিয়েছিলেন, ১০ জুনের মধ্যে ইউনিসেফের কাছ থেকে এক কোটির বেশি ভিটামিন-এ ক্যাপসুল পাওয়ার আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই সরবরাহ পাওয়া যায়নি।

এ বিষয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, ক্যাম্পেইন বন্ধ রয়েছে—এভাবে বলা ঠিক হবে না। তিনি জানান, প্রয়োজনীয় ক্যাপসুল সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে সরবরাহ পেতে কিছুটা বিলম্ব হচ্ছে।

“ক্যাপসুল পাওয়ার জন্য চেষ্টা-তদবির চলছে। সরবরাহে কিছুটা দেরি হচ্ছে বলেই কর্মসূচি আয়োজনেও বিলম্ব হচ্ছে,” বলেন তিনি।

ডা. ইউনুস আলী আরও জানান, ক্যাপসুল প্রাপ্তি সাপেক্ষে আগামী জুন মাসের শেষ সপ্তাহে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন আয়োজনের সম্ভাব্য পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশে এই কর্মসূচির আওতায় সাধারণত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। শিশুদের পুষ্টিহীনতা প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন-এ ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন