[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় রিমান্ড শেষে কারাগারে স্বামী

শেয়ার: https://www.timebulletin24.com/news/l0esod

ছবি – সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর একটি হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই কাজী আব্দুল মান্নান। শুনানি শেষে মহানগর হাকিম আরিফুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাফি উল্লাহকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, পেটের ব্যথাজনিত সমস্যার কারণে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন সাফি উল্লাহ। চিকিৎসা শেষে শুক্রবার সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ওই দিন ঝিলিক স্বজনদের কাছে হাসপাতালের বিল পরিশোধের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলেন।

দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ছোট বোন রেশমি আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ঝিলিক। এর প্রায় এক ঘণ্টা পর সাফি উল্লাহ তার শ্বশুরকে ফোন করে জানান, হাসপাতালের কেবিনের পেছনের খোলা বারান্দা থেকে পড়ে ঝিলিকের মৃত্যু হয়েছে।

ঘটনার পরদিন শনিবার ঝিলিকের বড় ভাই মোজাম্মেল হক ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। একই দিন সাফি উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

ছোট ও বড় পর্দার পরিচিত মুখ আসমা আক্তার ঝিলিক বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তবে পারিবারিক জীবনে মনোযোগ দিতে তিনি সাম্প্রতিক সময়ে অভিনয়জগৎ থেকে দূরে ছিলেন বলে পরিবার জানিয়েছে।

পুলিশ বলছে, অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন