চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি স্লোগান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পৃথক কর্মসূচি ঘিরে রোববার রাতে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন। তিনি অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেন।
অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে হিজাব নিয়ে কটাক্ষ করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। মিছিল শেষে সংগঠনটির নেতাকর্মীরাও জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেন।
এ সময় ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক এবং চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বক্তব্যে ছাত্রদলের সমালোচনা করেন। পাশাপাশি তিনি বিএনপির এক সংসদ সদস্যের মন্তব্যেরও সমালোচনা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান নেন। পরে রাত ১১টার পর উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করে।