[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

ঢাকার চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার: https://www.timebulletin24.com/news/xcg4ew

ঢাকার দীর্ঘস্থায়ী যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে রাজধানীর চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত ‘রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, যানজট কমাতে রাজধানীর প্রধান চারটি আন্তঃনগর বাস টার্মিনালকে পর্যায়ক্রমে শহরের বাইরে স্থানান্তর করা হবে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে। মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গির নিকটবর্তী এলাকায় স্থানান্তরিত হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল স্থানান্তর করা হবে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে কাঁচপুরে।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বাস কোম্পানির কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদও দেওয়া হয়েছে।

সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ট্রাফিক সিগন্যালিংয়ে এআই ক্যামেরা ব্যবহারের প্রাথমিক সুফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক বলে জানানো হয়েছে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন