[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার: https://www.timebulletin24.com/news/xuye2j

ঢাকা, ১৭ জুন — মিয়ানমার সীমান্তে আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোর নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতেও একই ধরনের ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ১১ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে এবং বাকিদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে বিএসএফের ৩৬টি পুশইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে বলেন, এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকগুলোতে গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে।

তিনি জানান, সীমান্তে নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা হয়নি। তবে বাংলাদেশ সরকার আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা করে আসছে এবং ক্ষতিপূরণ ও জবাবদিহিতার বিষয়টি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে ধারাবাহিকভাবে উত্থাপন করছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন