[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

পরীমনি–কাণ্ডে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

শেয়ার: https://www.timebulletin24.com/news/1c41n8

ঢাকা, ১৮ জুন ২০২৬: চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিবির গুলশান বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালনকালে গোলাম সাকলায়েন চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপটে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। একই বছরের ২৮ মার্চ তাঁর ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগের জবাব ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনার পর গুরুদণ্ড আরোপের সম্ভাবনা বিবেচনায় ২০২৩ সালের ৩০ আগস্ট একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ১২ ডিসেম্বর জমা দেওয়া প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এরপর ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তাঁকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি ১০ মার্চ ওই নোটিশের জবাব দেন। তদন্ত প্রতিবেদন, জবাব এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে প্রমাণিত বলে সিদ্ধান্তে পৌঁছায় এবং চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করে।

বিধি অনুযায়ী, গুরুদণ্ড আরোপের বিষয়ে মতামতের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে বিষয়টি পাঠানো হয়। কমিশন বাধ্যতামূলক অবসর প্রদানের পক্ষে মত দেয়। পরবর্তীতে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি ১৭ জুন ২০২৬ তারিখে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর দায়ে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি ৪(৩)(খ) অনুসারে গোলাম সাকলায়েনকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। পরবর্তীতে পরীমনিকে ঘিরে বিভিন্ন ঘটনায় তাঁর নাম আলোচনায় আসে এবং পরে তাঁকে ডিবি থেকে অন্যত্র বদলি করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন