[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

মুতা বিয়ে ও মামুনুল হক প্রসঙ্গে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়, বক্তব্য এক্সপাঞ্জ

শেয়ার: https://www.timebulletin24.com/news/jvmvou

ঢাকা, ১৮ জুন: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মুতা বিয়ে, মামুনুল হক, ঋণখেলাপি ও অন্যান্য রাজনৈতিক প্রসঙ্গকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্পিকারের নির্দেশে বিতর্কিত বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দশম দিনের বৈঠকে আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ২০২১ সালে ইসলামী বক্তা মাওলানা মামুনুল হককে ঘিরে আলোচিত একটি ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন।

বক্তব্যে তিনি মামুনুল হকের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও সরকারবিরোধী সমালোচনার প্রসঙ্গ টেনে অতীতের ঘটনাবলির উল্লেখ করেন। এ সময় তিনি ইসলামী ব্যাংক সম্পর্কেও মন্তব্য করে বলেন, একটি ব্যাংক নিয়ে দীর্ঘ আলোচনা করে সংসদের মূল্যবান সময় ব্যয় করা হয়েছে।

পরে তিনি মুতা বিয়ের প্রসঙ্গ উত্থাপন করে স্পিকারের কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা সমীচীন নয়। তিনি বলেন, যার সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তার বিরুদ্ধে অভিযোগ তোলা উচিত নয়। একই সঙ্গে তিনি মুতা বিয়ে সংক্রান্ত আলোচনাকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে এ বিষয়ে বিতর্ক না করার পরামর্শ দেন।

এরপর পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, মামুনুল হককে নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। তার দাবি, ২০২১ সালের ঘটনাটি মুতা বিয়ের সঙ্গে সম্পর্কিত ছিল না এবং মামুনুল হকের বিয়ের বিষয়টি প্রতিষ্ঠিত।

সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বিতর্কিত ও অসংসদীয় অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। স্পিকারও এতে সম্মতি দিয়ে বলেন, মামুনুল হককে ঘিরে উত্থাপিত বিষয়টি সংসদের কার্যবিবরণীতে থাকার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবনের বিতর্কিত বা অন্ধকার অধ্যায় সংসদে আলোচনার বিষয় হওয়া উচিত নয়।

পয়েন্ট অব অর্ডারে জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ইঙ্গিতের মাধ্যমে বিষয়টির আলোচনা বন্ধ করার উদ্যোগ নিয়েছেন বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, অতীতে কিছু ক্ষেত্রে মুতা বিয়ের প্রচলন থাকলেও বর্তমানে তা ইসলামী শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ বলে বিবেচিত।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে এক নারীকে সঙ্গে নিয়ে অবস্থানের সময় স্থানীয়দের মুখোমুখি হন মাওলানা মামুনুল হক। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরবর্তীতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন