
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রি করার অভিযোগে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। তিনি জানান, অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) বিকল করে দেওয়া হয় এবং এর ব্যাটারি জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, “রাতের এই অভিযানের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি যে, অবৈধভাবে বালু আহরণকারীরা যেকোনো সময় প্রশাসনের জালে ধরা পড়তে পারে। এতে সংশ্লিষ্টরা সতর্ক হবে। এখন থেকে নিয়মিতভাবে এ ধরনের আকস্মিক অভিযান পরিচালনা করা হবে।” তিনি আরও জানান, “অভিযানকালে কাউকে সরাসরি বালু উত্তোলনের সময় পাওয়া যায়নি। তবে কারও হেফাজতে অবৈধভাবে আহরিত বালু পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলে জানান এই কর্মকর্তা।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ