
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর সঙ্গে অভিমান করে হোসাইন সরদার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার জানুকী রায়ের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হোসাইন ওই এলাকার শাহজাহান সরদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে হোসাইনের ছোট ভাই নয়ন সরদার স্কুল থেকে বাড়ি ফিরে তাকে খুঁজতে থাকে। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যরা ভাবেন হোসাইন ঘুমিয়ে আছেন। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে নয়ন ঘরের পেছনে গিয়ে টিনের ফাঁকা অংশ দিয়ে ভেতরে উঁকি দেয়। তখন সে হোসাইনকে ঘরের দরজার উপরের কাঠের বাটামের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। নয়নের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে হোসাইনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ফরিদপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, ঘটনাটির প্রাথমিক তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে স্ত্রীর ওপর অভিমানের কথা বলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ