[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

ফরিদপুরে মাদক ব্যবসার সন্দেহে যুবককে গণপিটুনি, প্রাইভেট কারে আগুন

শেয়ার: https://www.timebulletin24.com/news/i7by5j

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদক ব্যবসার অভিযোগ তুলে মামুন মোল্লা (৩৮) নামের এক ব্যক্তিকে মারধর এবং তাঁর ব্যবহৃত একটি প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ঘটনার পর পুলিশি তল্লাশিতে মামুন মোল্লার কাছ থেকে কোনো ধরনের মাদক উদ্ধার না হওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। মামুন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের বাসিন্দা মানিক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেট কার নিয়ে এলাকায় আসেন মামুন মোল্লা। এ সময় কয়েকজন তাঁকে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করেন। একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হয়ে তাঁকে মারধর করে। পরে উত্তেজিত জনতা তাঁর ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজনের দাবি, মামুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে তাঁর পরিবারের সদস্যরা অভিযোগটি অস্বীকার করে দাবি করেছেন, পুরোনো বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।

মামুনের বাবা মানিক মোল্লা বলেন, তাঁর ছেলে ফরিদপুর আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরেছিলেন। দুপুরে খাওয়াদাওয়া শেষে আত্মীয়ের প্রাইভেট কার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলে পথে তাঁকে আটক করে মারধর করা হয় এবং গাড়িতে আগুন দেওয়া হয়। তিনি বলেন, “আমার ছেলে অতীতে মাদকাসক্ত ছিল, তবে অনেক আগেই সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত। এভাবে মারধর ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মামুন মোল্লার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয় লোকজন তাঁকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তাঁর কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা যায়নি। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন