
ছবি: সংগৃহীত
ঢাকা, ২৪ জুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান দেশের গুণী ও কৃতী ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গুণীজনদের মর্যাদা দিতে পারলে বাংলাদেশ একটি গর্বিত ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আরও সমৃদ্ধ হবে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত দৈনিক ইত্তেফাক ও দিনকালের সাবেক সম্পাদক আখতার উল আলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।
আখতার উল আলমের কর্মজীবন ও অবদানের কথা স্মরণ করে মঈন খান বলেন, এমন এক সময় ছিল যখন সত্য প্রকাশ করা সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। সে সময় আখতার উল আলম ‘লুব্ধক’ ছদ্মনামে লিখতেন। তার লেখনী ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী মাধ্যম। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক, ভূরাজনীতি, কূটনীতি ও বৈদেশিক অর্থনীতি নিয়েও তিনি নিয়মিত লিখেছেন।
মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে মঈন খান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে ক্যান্টনমেন্টে বন্দি থাকতে হয়েছিল। তিনি স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি আখতার উল আলম ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন বলেও উল্লেখ করেন মঈন খান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে আখতার উল আলম দক্ষতা ও সাফল্যের পরিচয় দিয়েছেন।
১৯৩৯ সালে রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণকারী আখতার উল আলম পরবর্তীতে সাংবাদিকতা, সাহিত্য ও কূটনীতির অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে নিজস্ব অবস্থান তৈরি করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি বলেন, দেশ ও জাতির জন্য অবদান রাখা অনেক বরেণ্য ব্যক্তিকে যথাযথভাবে স্মরণ করা হয় না। তাদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে সম্মান জানানো প্রয়োজন। তিনি বলেন, যে জাতি তার বীর ও পথপ্রদর্শকদের স্মরণ করতে ব্যর্থ হয়, সে জাতি ভবিষ্যতের পথে সঠিকভাবে এগোতে পারে না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সাংবাদিক সমাজ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে দেশের কৃতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য সংরক্ষণের জন্য একটি সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস ও বিশিষ্ট ব্যক্তিদের অবদান সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।