
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ‘ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়’। অজপাড়াগাঁয়ে অবস্থিত হলেও শুরু থেকেই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিরলস পরিশ্রমে এবং অভিভাবকদের সহযোগিতায় পড়ালেখার মান ও সহ-শিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটি বেশ ভালো অবদান রেখে চলেছে। প্রায় ৫০০ শিক্ষার্থীর এই বিদ্যালয়ে জুনিয়র স্কলারশিপসহ পাবলিক পরীক্ষাগুলোতে বরাবরই সন্তোষজনক ফলাফল আসছে। তবে শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিদ্যালয়টিতে জরুরি ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়ন ও বাউন্ডারি ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বর্তমানে বিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাসরুমের সংকট রয়েছে এবং ছাত্রীদের জন্য কোনো কমন রুম নেই। সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বাউন্ডারি না থাকা। সীমানা প্রাচীর না থাকার কারণে বিভিন্ন সময়ে বহিরাগত, বখাটে এবং মাদকসেবীরা স্কুল ক্যাম্পাসে অনায়াসে প্রবেশ করে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। দ্রুত একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হলে এই অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকানো সম্ভব এবং শিক্ষার্থীরা আরও নিরাপদ পরিবেশে পড়ালেখা করতে পারবে। বিদ্যালয়ের শিক্ষার মান আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত অবকাঠামো ও বাউন্ডারি নির্মাণের জোর দাবি জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ