নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করচাদপুর গ্রামের মো. রফিক শেখের ছেলে। বুধবার (২৪ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাশিদুল একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করত। বুধবার দুপুরে ওই বাড়ির পানির মোটর খুলতে গিয়ে অসাবধানতাবশত একটি বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসে সে। এতে সে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই রাশিদুলের মৃত্যু হয়েছিল।
