
ছবি: সংগৃহীত
ডেস্ক রিপোর্ট
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত রায়পুর থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় সড়কের একটি বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার মেয়ে সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ফাতেমা আক্তার শিফাকে (১০) কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার সময় স্থানীয় এক নারী জানালা দিয়ে সন্দেহভাজন ব্যক্তি অন্তর মজুমদারকে দেখে ভবনের গেট বাইরে থেকে বন্ধ করে দেন। পরে স্থানীয়রা এসে চারজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। পালানোর চেষ্টা করলে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে অন্তরের মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, অন্তর আগে একই ভবনের ভাড়াটিয়া ছিলেন এবং তিনি জানতেন বাসার দায়িত্বে থাকা শাহিনুর বেগমের কাছে ভবনের ভাড়া জমা রাখা হতো। তার কাছে স্বর্ণালংকারও ছিল। এ কারণে লুটপাটের উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে চান নিহতদের স্বজন ও স্থানীয়রা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শাহিনুর বেগমের ছেলে সিফাত বাদী হয়ে মামলা করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।