নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ও অন্যান্য ফসলের বিনামূল্যে বীজ এবং সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৭ জুন (শনিবার) উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিদ রতন কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন হোসেন, কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকরাম হোসেন এবং গোলাম রাব্বিসহ স্থানীয় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে এবং রোপা আমন চাষে উদ্বুদ্ধ করতে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এই কর্মসূচির আওতায় এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে, যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ