
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর থানা পুলিশ শহরের বড় মসজিদ এলাকা থেকে চুরি মামলার এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নারীর নাম নয়ন তারা আক্তার ওরফে বৃষ্টি ওরফে বিজলি (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর মন্ডল (নতুন বাড়ি) এলাকার বিল্লাল মিয়ার মেয়ে এবং খোকন মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, গত ২৬শে জুন পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ী খানকা পাক বড় মসজিদে শোক মিছিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জনসমাগমের সুযোগ নিয়ে নয়ন তারা আক্তার এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে তাকে আটক করা হয়। পরে ভুক্তভোগী নারী সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে চুরি মামলায় গ্রেপ্তার দেখায়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত নারী একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রটি বিভিন্ন জনসমাগমস্থলে অবস্থান করে নারীদের স্বর্ণালংকার, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে থাকে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নারী আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ