
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
কালুখালীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৮ জুন, রবিবার সকালে রতনদিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২৮ জুন (রবিবার) উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে সকাল থেকেই শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন। উদ্বোধনকালে তিনি বলেন, শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। দেশের প্রতিটি শিশুকে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকল অভিভাবককে সচেতন হয়ে শিশুদের কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কালুখালী উপজেলার ১৬৮টি ইপিআই টিকাদান কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ১৬৯টি কেন্দ্রে দিনব্যাপী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইনটি চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনব্যাপী এই কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। চিকিৎসকেরা জানান, শিশুর সুস্থ দৃষ্টিশক্তি নিশ্চিত করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ