নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। দীর্ঘ সময় উদ্ধার অভিযান শেষে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর
আজ সকাল ১০টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সারবোঝাই একটি ট্রাক বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রেলগেটের ব্যারিয়ার ভেঙে সরাসরি রেললাইনের ওপর উঠে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার জোর প্রচেষ্টার পর ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রাকটি রেললাইন থেকে নিরাপদে অপসারণ এবং লাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। প্রায় ছয় ঘণ্টা পর রেললাইন সচল হলে ঢাকার সঙ্গে এই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
তারিখ: ২৯/০৬/২০২৬ইং