
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ)’ ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই চেক বিতরণ ও অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তছলিম আরিফ বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয়, রাজবাড়ী সদর উপজেলায় কামার, কুমার, শতরঞ্জি, লোকজ শিল্পী, নাপিত, বাঁশ-বেত ও কাঁসা-পিতল সামগ্রী প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, নকশী কাঁথা ও শীতল পাটি শিল্পীসহ মোট ৭৯১ জন প্রান্তিক পেশাজীবী রয়েছেন। সঠিক বাজারজাতকরণের অভাব ও নানাবিধ সংকটে এই জনগোষ্ঠীর অনেকেই ঐতিহ্যবাহী পেশা ছেড়ে দিচ্ছেন। তাদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ। প্রকল্পের আওতায় প্রথম দফায় সফলভাবে প্রশিক্ষণ শেষ করা ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে দৈনিক ১ হাজার টাকা হারে ১০ দিনের প্রশিক্ষণ সম্মানী বাবদ ১০ হাজার টাকা এবং ব্যবসা শুরুর জন্য এককালীন ১৮ হাজার টাকাসহ সর্বমোট ২৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। প্রান্তিক এই পেশাজীবীরা যাতে ভবিষ্যতে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সেজন্যই এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ