
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ফেরিঘাটে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বুধবার বিকেল ৫টার দিকে দৌলতদিয়ার ৪ ও ৫ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ঘাটের সার্বক্ষণিক মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ফেরিঘাটে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া যানবাহন ও যাত্রী চলাচল সুশৃঙ্খল করতে ফেরিঘাটগুলোর অ্যাপ্রোচ সড়কের মুখে ব্যারিকেড বসানোর কাজ চলছে। তিনি আরও জানান, ঘাটের উন্নয়ন প্রকল্পসংক্রান্ত সব তথ্য উল্লেখ করে প্রতিটি ঘাটে দৃশ্যমান সাইনবোর্ড টানানো হবে, যাতে যাত্রী ও সংশ্লিষ্ট সবাই প্রকল্প সম্পর্কে সহজেই বিস্তারিত জানতে পারেন। ঘাট পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ