
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
সারাদেশের মতো রাজবাড়ী জেলাতেও আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার জেলায় ২০টি মূল কেন্দ্রে মোট ৯ হাজার ৩৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর রাজবাড়ী জেলায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৯১৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৫৭২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল ও বিএমটি) পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। পরীক্ষা প্রশাসন জানায়, প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয়ের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ