
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জোহান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সেতু আক্তার গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর কালীবাড়ি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জোহান ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশাররফ হোসেনের ছেলে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার হরিণধারা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন জোহান। পথিমধ্যে রাজবাড়ী সদর উপজেলার চাঁদপুর কালীবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক (রাজবাড়ী) থেকে আসা কুষ্টিয়াগামী একটি মুরগিবাহী পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোহানের মৃত্যু হয় এবং তার স্ত্রী সেতু আক্তার গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত সেতু আক্তারকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছে। ঘাতক চালককে আটক এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।